আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, এই মুহূর্তে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই সরকারের মূল লক্ষ্য। আর্থিক খাতের চলমান প্রয়োজনীয় সংস্কার নতুন সরকার করবে বলেও জানান তিনি।
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন সালমান এফ রহমান।
সালমান এফ রহমান বলেন, যেহেতু সামনে নির্বাচন তাই সরকার এবং ব্যবসায়ী থেকে শুরু করে দেশের সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। সবার মনোযোগ এখন নির্বাচনের দিকে। তাই নির্বাচনের পর নতুন সরকারকে এ খাতের সংস্কারগুলো করতে হবে।