মেয়েদের কাবাডিতে হারের লজ্জা

ছেলেদের জয়ের দিনে মেয়েদের কাবাডিতে নেপালের কাছে হারের লজ্জায় ডুবতে হয়েছে বাংলাদেশ নারী কাবাডি দলকে। এশিয়ান গেমসে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতলে ব্রোঞ্জ পদক অনেকটাই নিশ্চিত হত বাংলাদেশের। ৩৭-২৪ পয়েন্টের ব্যবধানে হারে পদক পুনরুদ্ধার মিশন বলতে গেলে অসম্ভব হয়ে গেল বাংলাদেশের মেয়েদের জন্য।

৪ অক্টোবর গ্রুপ ফেভারিট ইরানকে হারাতে পারলেই সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। তার আগে অবশ্য আগামীকাল নেপাল ও ইরান মুখোমুখি হবে। সেই ম্যাচে নেপাল জিতলে চার তারিখ বাংলাদেশ ও ইরান ম্যাচের বিজয়ী সুযোগ পাবে সেমিফাইনালে।

গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত। সেমিফাইনালের দুই বিজিত দল পাবে ব্রোঞ্জ পদক। বাংলাদেশ নারী কাবাডি দল ২০১০ গুয়াংজু ও ২০১৪ ইনচন এশিয়াডে ব্রোঞ্জ জিতেছিল। তবে ২০১৮ সালে জাকার্তায় তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। এশিয়ান গেমসের ইতিহাসে কখনোই পদক না পাওয়া নেপালের কাছে হেরে এখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের ক্ষণ গুনছে বাংলাদেশ নারী কাবাডি দল।

উল্লেখ্য, আজ সকালে জাপানকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসের পদক পুনরুদ্ধার মিশন শুরু করেছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। আগামীকাল তারা শক্তিশালী ভারতের মুখোমুখি হবে।