বিশ্ববরেণ্য ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে নির্মিত ডকুমেন্টারি সিরিজ ‘মেসি মিটস অ্যামেরিকা’ মুক্তি পাবে আগামী ১১ অক্টোবর। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি+ আজ এই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
এ বছরের জুলাইতে ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজল লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যুক্তরাষ্ট্রে মেসির আগমন ও ফুটবলে তার পরবর্তী প্রভাব হলো ডকুমেন্টারিটির মূল উপজীব্য বিষয়। এই ডকুমেন্টারিতে লিওনেল মেসিসহ ডেভিড বেকহ্যাম এর মতো কিংবদন্তিদের সাক্ষাৎকার ও ধারাভাষ্য থাকবে।
লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে আসার পর ‘এমএলএস সিজন পাস’ নামে অ্যাপলের আরেকটি স্ট্রিমিং সেবা চুটিয়ে ব্যবসা করছে। মেসি জাদুতে তাদের নিবন্ধিত সদস্যের সংখ্যা এরই মধ্যে দ্বিগুণ হয়ে গিয়েছে।
লিওনেল মেসির আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর গল্প নিয়ে অ্যাপলের আরো একটি ডকুমেন্টারি নির্মাণের প্রক্রিয়া অব্যাহত আছে।