'বিশ্বকাপে ডাচদের সঙ্গে হারতে পারে পাকিস্তান'

ওয়ানডে বিশ্বকাপে ফেভারিট দলগুলোর একটি বিবেচনা করা হচ্ছে পাকিস্তানকে। নাসের হুসেইনও মানছেন সেটা। তবে বৈশ্বিক আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে পারেন বাবর আজমরা, এমনটাই মনে হচ্ছে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের।

ক্রিকেট বিশ্বে 'আনপ্রেডিক্টেবল' দল হিসেবে পরিচিত পাকিস্তান। নাসেরের মতে, এটাই এশিয়ার দলটির খেলার ধরন। মূলত এই কারণেই তার মনে হচ্ছে, হোঁচট খেয়ে ভারত বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। হায়দ্রাবাদে আগামী শুক্রবার ডাচদের মুখোমুখি হবে তারা।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের উদাহরণও টেনেছেন নাসের। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু হয় বাবরদের বিশ্বকাপ অভিযান। পরের ম্যাচে তারা জিম্বাবুয়ের বিপক্ষে হেরে চলে যায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দুয়ারে।

দুঃসময় পেছনে ফেলে পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। একের পর এক ম্যাচ জিতে পৌঁছে যায় ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে অবশ্য আর পেরে ওঠেনি তারা। টি-টোয়েন্টির দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙে তাদের।

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় নাসের তুলে ধরেন পাকিস্তানকে নিয়ে তার ভাবনা, 'আমি মনে করি, তারা (পাকিস্তান) টুর্নামেন্টের জন্য খুবই ভালো দল। প্রথম ম্যাচে তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে, যেখানে তারা হারতে পারে। এটাই পাকিস্তান।'

আন্তর্জাতিক ক্রিকেটে ৮০৯৬ রান করা নাসের যোগ করেন, 'তবে এরপর তারা ঘুরে দাঁড়াবে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকান। তারা তো বাদই পড়ে যাচ্ছিল। হুট করে তারাই ফাইনাল খেলল। তাদের নিয়ে আগে থেকে কিছু বলা কঠিন, কারণ এটাই তাদের ব্র্যান্ড এবং তাদের খেলার ধরনই এমন।'

ওয়ানডে বিশ্বকাপে অবশ্য বড় দলের বিপক্ষে জয়ের ইতিহাস নেই নেদারল্যান্ডসের। সর্বসাকুল্যে জয়ই মোটে দুটি, নামিবিয়া ও স্কটল্যান্ডের সঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ৯ ম্যাচ জয়ের রেকর্ড আছে ডাচদের। দুই দফায় হারিয়েছে তারা ইংল্যান্ডকে। ২০২২ আসরে তো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমকের জন্ম দেয় তারা।