সিনেমা আছে সিনেমা নেই

বছর খানেক ধরে বাংলা সিনেমা নিয়ে নতুন জোয়ার উঠেছে। সিনেমার পালে যেন সুবাতাস লেগেছে। গেল কয়েক বছর আগেও সিনেমার নামে মানুষজন শুধু হা-হুতাশ করত কিন্তু এখন সর্বত্রই যেন সিনেমা আর সিনেমা। চর্চাও হচ্ছে বেশ। তবে ক্ষেত্র বিশেষে সিনেমার চেয়ে তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে যে পরিমাণ আলোচনা-সমালোচনা চলে, সিনেমার ক্ষেত্রে সেটা কিছুটা হলেও ক্ষীণ।

বছরের নয় পেরিয়ে এখন ১০ মাস চলমান। এই নয় মাসে গোটা ৩০-এর মতো সিনেমা মুক্তি পেয়েছে যার কিছু ছবি আলোচনায় থাকলেও বেশিরভাগই ছিল মন্দের ভালো তালিকায়। গেল বছর থেকে চলচ্চিত্রপ্রেমীরা আশাবাদী ছিলেন চলতি বছরটা হবে একদম সিনেমাময়। সেই আশায় গুড়েবালি হয়নি। বেশ ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে এমনকি মানুষের মুখে মুখেও ফিরেছে সিনেমার নাম।

চলতি বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক ওয়ার, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, সাঁতাও, বীরকন্যা প্রীতিলতা, ভাগ্য, কথা দিলাম, মন দিয়েছি তারে, বুবুজান, মায়ার জঞ্জাল, ওরা সাতজন, জেকে ১৯৭১, রেডিও, লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, জিন, শত্রু, লোকাল, পাপ, আদম, প্রেম প্রীতির বন্ধন, মা, সুলতানপুর, এম আর-নাইন, লাল শাড়ি, প্রহেলিকা, প্রিয়তমা, সুড়ঙ্গ, অন্তর্জাল ইত্যাদি। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা ছিল বিগ বাজেটে নির্মিত, সেইসঙ্গে মানসম্মতও। অনেক সিনেমা মুক্তি পেলেও ব্যবসায়িক সাফল্যের দিক থেকে সংখ্যাটা খুবই কম। প্রিয়তমা সিনেমা রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে, সেইসঙ্গে আলোচনায়ও ছিল তুঙ্গে। একই ধারাবাহিকতায় আলোচনা এবং ব্যবসাÑদুইয়ে জিইয়ে ছিল সুড়ঙ্গ সিনেমাও। আলোচনা হয়েছে এম আর নাইন, প্রহেলিকা, অন্তর্জাল, কিল হিম, জিন সিনেমা নিয়েও তবে প্রেক্ষাগৃহে খুব একটা ব্যবসা করতে পারেনি বলা চলে।

মাঝে দেশীয় সিনেমা দিয়ে হলে দর্শক ফেরানো যাচ্ছে না দোহাইয়ে দেশে ভারতীয় সিনেমা মুক্তি দেওয়া হয়। একে একে মুক্তি দেওয়া হয় তিন সিনেমা। হিন্দি সিনেমা মুক্তিতে হলগুলোতে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এসব সিনেমা মুক্তি দেওয়া নিয়ে চলেছে নানা তর্ক-বিতর্কও। আর এসব ছবি মুক্তি দিতে গিয়ে পেছাতে হয়েছে দেশীয় সিনেমা। নানা চর্চার মুখে দেশে হিন্দি সিনেমা মুক্তি নিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেছিলেন, ‘ইংরেজি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা সিনেমাগুলো চলছে। আমি মনে করি, আমাদের এখানে এমন কিছু সিনেমা হচ্ছে যেগুলো সিনেমা, টেলিফিল্ম, নাটক কিছুই না। বলিউডের সিনেমা মুক্তি পেলে এসব মানহীন সিনেমাগুলো নির্মাণ বন্ধ হয়ে যাবে।’

সর্বশেষ হলে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা জওয়ান এখনো দেশের প্রেক্ষাগৃহে চলছে। যে ছবির কারণে দেশীয় দুই ছবির মুক্তি পেছানো হয়। এরপর মুক্তি পায় দেশীয় সিনেমা অন্তর্জাল, যা সে অর্থে সাড়া ফেলতে পারেনি। সাইবার থ্রিলার নিয়ে নির্মিত এই সিনেমাটির বাজেট প্রায় ছয় কোটি। মাল্টিপ্লেক্সে ভালো করলেও সিঙ্গেল স্ক্রিনে খুব একটা সুবিধা করতে পারছে না। এর মধ্যে মুক্তি পেল দুঃসাহসী খোকা নামে আরেক সিনেমা। এটি নিয়েও দর্শকের তেমন আগ্রহ নেই।

এ বছরে মুক্তির তালিকায় থাকা সিনেমার মধ্যে রয়েছে মুজিব : একটি জাতির রূপকার, নূর, শরতের জবা, ময়ূরাক্ষী, কাজল রেখা, যন্ত্রণা, দেয়ালের দেশ, অন্তরাত্মা, অন্যদিন, নেত্রী-দ্য লিডার। এর মধ্যে মুজিব সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও বাকি সিনেমাগুলো মুক্তির বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, মুজিব মুক্তি পেলে চলতি মাসে অন্যান্য সিনেমা মুক্তি পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিগ বাজেট কিংবা মানসম্মত সিনেমাগুলো চলতি বছরে প্রেক্ষাগৃহের মুখ দেখবে কি না সন্দেহ! মুক্তির জন্য প্রস্তুত হলেও নানা কারণে ছবিগুলোর মুক্তি পেছাতে হচ্ছে।