আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, বিএনপি সুনির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করে দিয়েছে এ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য। বর্তমান সরকার আওয়ামী লীগের সরকার আর আওয়ামী লীগ হলো এ সরকারের পাহারাদার। এ অক্টোবর মাসেই সরকারের পতন ঘটানোর আলটিমেটাম দিয়েছে তারা তাই আমরা নির্বাচন পর্যন্ত এ সরকারকে পাহারা দেব যাতে কোনো অপশক্তি, দেশবিরোধী শক্তি, জামায়াত-বিএনপি, শিবির, একাত্তরের ঘাতক, পঁচাত্তরের ঘাতক এ সরকারের ক্ষতি না করতে পারে।
আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশের মাঠ পরিদর্শনে এসে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মির্জা আজম বলেন, ‘বিএনপি জামায়াতের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার জন্যই রাজধানী ঢাকার প্রবেশমুখগুলোতে আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তি সমাবেশ করার উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৩ অক্টোবর সোনারগাঁয়ের কাঁচপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।’ সমাবেশের মাঠ পরিদর্শন শেষে মির্জা আজম স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময়ে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, মহানগর আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম, ডা. আবু জাফর চৌধুরী বিরু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এএইচ মাসুদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।