দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনার রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফুল কবির নওরোজ হত্যা মামলায় তার চতুর্থ স্ত্রী সুলতানা পারভীন চুমকির তিন দিনের রিমান্ডে মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৩ অক্টোবর) খুলনা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করলে বিচারক সুনন্দ বাগচী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। পিবিআই এর উপ—পরিদর্শক পলাশ অধিকারী ও দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। মামলার বাদী নিহত আইনজীবীর ২য় স্ত্রী জেসমিন আক্তার।
পুলিশ জানায়, ১৬ জুলাই বটিয়াঘাটার কাজিবাছা নদী সংযুক্ত হ্যাচারীর সংযোগ খাল থেকে নিহতের লাশ উদ্ধার হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
পিবিআই’র উপ-পরিদর্শক পলাশ অধিকারী জানান, মামলাটি নৌ-পুলিশ প্রাথমিকভাবে তদন্ত করে। তারাই চুমকির দেওয়া তথ্য অনুযায়ী নওরোজের লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়’ চিরকুট একজন আইনজীবীর কক্ষ থেকে উদ্ধার করে। বাদীর আবেদনে প্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয় আদালত।
পলাশ অধিকারী আরও জানান, লাশ উদ্ধারের ১৪ দিন আগে চুমকিকে বিয়ে করেন নওরোজ। তদন্তে কয়েকটি বিষয় সামনে এসেছে, আসামিকে বুধবার জিজ্ঞাসাবাদে আনা হবে। জিজ্ঞাসাবাদে পরিস্কার ধারণা পাওয়া যাবে।