গুজরাট

ভিটামিন সিরাপের বদলে শিশুকে খাওয়ানো হলো ফিনাইল

গুজরাটের আমদাবাদের একটি হাসপাতালের এক নার্সের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ উঠল। ভিটামিন সিরাপের পরিবর্তে শিশুকে দেওয়া হলো ফিনাইল। যার ফলে অসুস্থ হয়ে হয়ে পড়ে ওই শিশু।

এই ঘটনায় নার্সের বিরুদ্ধে শাহেরকোটদা থানায় অভিযোগ দায়ের করেছে ওই শিশুর বাবা। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই অভিযোগের সত্যতা যাচাই করতে আদৌ সেটি ফিনাইল ছিল কি-না তা জানার জন্য ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

শাহেরকোটদা থানার কর্মকর্তা এম ডি চন্দ্রাবাদিয়া জানান, তদন্তে গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট হাসপাতালের নার্স বা চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। জানা গেছে, ১১ মাস বয়সী তৈমুর নামের ওই শিশুকে শনিবার জ্বর এবং বমি নিয়ে শারদাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সকালে এক চিকিৎসক পরীক্ষা করার পরে একটি ভিটামিন সিরাপ লিখে দেন এবং হাসপাতালের একজন নার্স পরিবারের কাছে ভিটামিনের সেই বোতলটি দেন। তৈমুরের মা ফয়জানবানুকে ওই ওষুধ দিনে তিনবার ৫ মিলি করে খাওয়ার নির্দেশ দেওয়া হয়।

অভিযোগ, ওষুধের প্রথম ডোজ দেওয়ার সঙ্গে সঙ্গেই শিশুটির মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। তারপরেই চিকিৎসককে তিনি ডাকেন। তার অভিযোগ, যে ওষুধ দেওয়া হয়েছিল তার গন্ধ ফিনাইলের মতো। শিশুর পরিবারের অভিযোগ, তাদের যে ওষুধের বোতল দেওয়া হয়েছিল সেটি সিল করা ছিল না এবং তাদের সন্দেহ তাতে ওষুধের পরিবর্তে ফিনাইল রাখা হয়েছিল।

পুলিশ জানায়, ওষুধের ওই বোতল উদ্ধার করে ফরেনসিকের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অন্য ধারায় মামলা রুজু করা হবে। ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কি-না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।