রাস্তা বলে নদী দেখিয়ে দিলো গুগল ম্যাপ!

আধুনিক জীবনে পথ চেনার জন্য আমরা অনেকেই গুগল ম্যাপের শরণাপন্ন হই। কিন্তু সেই গুগল ম্যাপ ফলো করেই গাড়ি নিয়ে সোজা নদীতে পড়লেন কয়েকজন। পরিণতি হলো মর্মান্তিক। গাড়ি থেকে বেরোতে না পেরে প্রাণ গেল দুই চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার কোচিতে।

গতকাল সোমবার কোচিতে প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বের হন চিকিৎসক আদভাইত ও আজমল। দুজনেরই বয়স ২৯ বছর। একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন তারা। এদিন গুগল ম্যাপ ফলো করে গাড়ি চালাচ্ছিলেন তারা। তাদের সঙ্গে ছিল আরও তিনজন। সবাই কোদানগাল্লুরে ফিরছিলেন।

ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনায় পড়ে তাদের গাড়ি। জানা গেছে, গুগল ম্যাপে নদীকে জলমগ্ন রাস্তা ভেবে ভুল করে বসেন তারা। বায়ে টার্ন নেওয়ার বদলে গাড়ি নিয়ে যান সামনে। ফলে গাড়ি গিয়ে সোজা পেরিয়ার নদীতে নেমে যায়। এ সময় বাকিরা বের হতে পারলেও আদভাইত-আজমাল পারেননি।

গাড়ির মধ্যেই প্রাণ হারান তারা। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। খবর দেন ফায়ার সার্ভিস ও পুলিশে। ঘটনাস্থলে যায় ডুবুরিরাও। তারাই ডুবন্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।