প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোরের বড়াইগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম সরকার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। সাজেদুল ইসলাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মশিউরী পাড়া এলাকার গুলজার হোসেনের ছেলে।

থানা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাত দেড়টার দিকে চামটা মশিউরী পাড়া এলাকার জনৈক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে আসেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা সাজেদুল ইসলাম তার ঘরে ঢুকে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে ওই গৃহবধূ ঘরে ঢোকার পর সাজেদুল তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকার শুনে লোকজন ছুটে এলে সাজেদুল ইসলাম সেখান থেকে পালিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এই ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সে মামলার ভিত্তিতে পুলিশ আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।