খুব বড় ইনিংস খেলতে পারলেন না ব্যাটিং অর্ডারের কেউ। তবে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন সবাই। তাতে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাড়ে তিনশ রানের পুঁজি গড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে দলের এমন ব্যাটিং পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য স্বস্তির।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মঙ্গলবার দ্বিতীয় গা গরমের ম্যাচে ৭ উইকেটে ৩৫১ রান করে প্যাট কামিন্সের দল।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার ৭১ বলের ইনিংসটি ৬ ছক্কা ও ৪টি চারে সাজানো। শেষ দিকে ক্যামেরন গ্রিন ১ ছক্কা ও ৪টি চারে ৪০ বলে অপরাজিত ৫০ রান করেন। এছাড়া ১ ছক্কা ও ৮ চারে ৪৮ রান করেন জশ ইংলিস।
প্যাট কামিন্স (অপরাজিত ২) ছাড়া অস্ট্রেলিয়া হয়ে ব্যাটিং করা সবাই দুই অঙ্ক স্পর্শ করেছেন। ২ রানের জন্য ফিফটি করতে পারেননি ডেভিড ওয়ার্নার। ৪০ রান এসেছে মার্নাস লাবুশেনের ব্যাট থেকে। এছাড়া মিচেল মার্শ ৩১ ও স্টিভেন স্মিথ করেছেন ২৭ রান।
অস্ট্রেলিয়াকে সাড়ে তিনশ রান এনে দেওয়ার কারিগর মূলত ম্যাক্সওয়েল, গ্রিন ও ইংলিস। ১৭২ রানে ৫ উইকেট পড়ে যাওয়া দলটিকে পরে তারাই। শেষ ২০ ওভারে ১৭৯ রান এনে দিয়েছেন এই তিনজন।
পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নেন উসামা মির। একটি করে শিকার ধরেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান ও মোহাম্মদ ওয়াসিম।
আগামী রবিবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে পথচলা শুরু করবে অস্ট্রেলিয়া।