আজ ৩ অক্টোবর বয়ফ্রেন্ড দিবস। বয়ফ্রেন্ড হতে পারেন খুব কাছের একজন ভালো বন্ধু বা প্রেমিক। যিনি সবসময় পাশে থেকে অনুপ্রেরণা ও উৎসাহ দেন। এমন বন্ধুর জন্যেই আজকের দিনটি। তবে সোশ্যাল মিডিয়ায় আলোচিত এই দিবসটি সম্পর্কে জানতেন না মডেল-অভিনেত্রী সামিরা খান মাহি।
দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘আমি সত্যিই জানতাম না আজ বয়ফ্রেন্ড ডে। এখন জেনেছি। ফোন করে নাবিলকে (মাহির প্রেমিক) উইশ করব। একটি মেয়ে যে ধরনের বয়ফ্রেন্ড চায়, তেমনই পেয়েছি। অন্তত এখন পর্যন্ত নাবিল তেমনই আছে।’
মাহি মনে করেন, প্রতিটি সম্পর্ক শুরুতে খুব এক্সাইটিং থাকে। সবকিছুই ভালো লাগে। কিন্তু একটা সময় টানাপড়েন যায়। আর সেই ঝড়-ঝাপটা পার করে যে সম্পর্ক টিকে থাকে সেটিই সফল সম্পর্ক।
তিনি বলেন, ‘শুধু আমি নই, সব মেয়েই জীবনসঙ্গী নির্বাচনে যে বিষয়গুলো খেয়াল রাখে, বয়ফ্রেন্ড নির্বাচনেও একইভাবে সচেতন থাকে। কারণ আমরা সবাই চাই প্রেমের সম্পর্কটা যেন পরিণতি পায়। সে ক্ষেত্রে লাভিং, কেয়ারিং বিষয় দুটি তো থাকেই। না হলে সম্পর্কই হয় না। এর সঙ্গে আরও দুটি বিষয় আমার জন্য গুরুত্বপূর্ণ। একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ আর মানসিক সাপোর্ট। এই বিষয়গুলো থাকলে প্রেম সার্থক হবেই।’
উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম বয়ফ্রেন্ড দিবস পালন করা হয়। যদিও তা অফিসিয়াল ছিল না। তবে তখন থেকেই দিবসটি জনপ্রিয় হতে শুরু করে।