ইয়ামালের সাথে বার্সার চুক্তি নবায়ন

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তিন বছরের চুক্তি নবায়ন করেছে তরুণ সেনসেশন লামিন ইয়ামালের সঙ্গে। নতুন চুক্তিতে ২০২৬ সাল পর্যন্ত কাতালান ডাগআউটে দেখা যাবে তাকে। বার্সেলোনা তাদের ওয়েবসাইটে এই খবর জানিয়েছে।

নতুন চুক্তিতে ১৬ বছর বয়সী ইয়ামালের রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরো। সম্প্রতি একই ধরনের চুক্তিতে সই করেছেন বার্সার আরো দুই তরুণ তুর্কি গাভি ও পেড্রি। বর্তমানে ধারে ব্রাইটনে খেলতে যাওয়া আনসু ফাতির চুক্তিতেও এমন শর্ত রেখেছে বার্সা।

গত এপ্রিলে রিয়াল বেটিসের বিপক্ষে মাত্র ১৫ বছর ২৯০ দিন বয়সে বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে ইয়ামালের। এ মৌসুমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে লা লিগায় মূল দলে খেলার সুযোগ পান ইয়ামাল। একইসাথে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে কোন ম্যাচে এ্যাসিস্ট করারও রেকর্ড গড়েন। এখনো বার্সেলোনার হয়ে গোল করতে পারেননি ইয়ামাল। কিন্তু এবারের মৌসুমে তিনি যদি সেটা করতে পারেন তবে ফাতির ক্লাব রেকর্ডকে ছাড়িয়ে যাবেন। একইসাথে লা লিগার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবেও গোলের নতুন রেকর্ড গড়বেন। ১৬ বছর ৯৮ দিন বয়সে গোল করে মালাগার ফ্রাব্রিস ওলিনগা এই রেকর্ড নিজের করে রেখেছেন।

গত মাসে স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরো ২০২৪ বাছাইপর্বে জর্জিয়ার বিপক্ষে ইয়ামালের আন্তর্জাতিক অভিষেক হয়েছে। এতে ক্লাব সতীর্থ গাভির (১৭ বছর ৬২ দিন) রেকর্ড ভেঙ্গে দেন তিনি। বাছাইপর্বের ম্যাচটিতে খর্বশক্তির জর্জিয়াকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে লা রোজারা। সেই ম্যাচে গোল করে স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন লামিন ইয়ামাল। আগস্ট মাসে লা লিগার সেরা অনূর্ধ্ব ২৩ খেলোয়াড় নির্বাচিত হন ইয়ামাল।