শপিংমলে গোলাগুলিতে নিহত ২

কিশোরকে মাটিতে ফেলে গ্রেপ্তারের ছবি ভাইরাল

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি অভিজাত শপিংমলে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরকে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে মাটিতে ফেলে রাখা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আজ মঙ্গলবার (০৩ অক্টোবর) সিয়াম প্যারাগন নামের শপিংমলটিতে হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পান ক্রেতা ও দোকানিরা। শপিংমলে গোলাগুলির পর কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছেন সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ শুনে অনেক মানুষ দোকানের ভেতর ও বাথরুমে আশ্রয় নেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অস্ত্রধারী একটি হ্যান্ডগান ব্যবহার করে এমন ঘটনা ঘটিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও গোলাগুলির ঘটনায় মোট ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেই ভাষ্য সংবাদমাধ্যমটির।

উল্লেখ্য, সিয়াম প্যারাগনে স্থানীয় মানুষ ছাড়াও অনেক বিদেশি পর্যটক কেনাকাটা করতে যান।