ফের চর্চায় শ্রীদেবীর মৃত্যু

ভারতের হিন্দি ছবির প্রথম নারী সুপারস্টার বলা হতো শ্রীদেবীকে। তুমুল জনপ্রিয় এই তারকার হুট করে চলে যাওয়া আজও মানতে পারেননি তার ভক্তরা। তার মৃত্যুর কারণ নিয়েও কম জল ঘোলা হয়নি সে সময়। ননদের ছেলের বিয়েতে অংশ নিতে উড়াল দিয়েছিলেন দুবাই। নানা আয়োজনে মেতে ছিলেন। ইনস্টাগ্রামে নিজের আনন্দঘন মুহূর্তের ছবি দিয়েছিলেন। আর ঠিক এই দিনেই হুট করে খবর আসে তিনি নেই। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যু হয়। তার হঠাৎ মৃত্যু সবার কাছে বিস্ময়ের ছিল। কারণ, তার কোনো রোগের কথা শোনা যায়নি। পুরোপুরি সুস্থ ছিলেন। শ্রীদেবীর মৃত্যু কীভাবে হয়েছিল? দুবাইয়ের হোটেলে সেই রাতে ঠিক কী ঘটেছিল? তার মৃত্যু নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে ছিল কোনো চক্রান্ত। এ রকম নানা প্রশ্ন এত দিন ঘুরপাক খাচ্ছিল শ্রীদেবীর হাজারো অনুরাগীর মনে। শ্রীদেবীর মৃত্যুর পাঁচ বছর পার হয়ে গেছে। কিন্তু এ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে এত দিন কোনো কথা বলা হয়নি। সম্প্রতি দ্য নিউ ইন্ডিয়ানকে এক সাক্ষাৎকারে স্বামী চিত্রনির্মাতা বনি কাপুর শ্রীদেবীর মৃত্যু সম্পর্কে বলেন, ‘নিজেকে সিøম রাখার পাগলামি ভর করেছিল তার মাথায়। সে সব সময় চাইত নিজেকে সুন্দর দেখাতে আর নিজেকে শেপে রাখতে। আর তাই অনেক সময় নিজেকে সে ক্ষুধার্ত রাখত। অনেক সময় ডায়েট করত। এমনকি নুন পর্যন্ত খেত না। আমার সঙ্গে যখন বিয়ে হয়েছিল, তখন থেকে দেখেছি যে তার ব্ল্যাকআউটের সমস্যা আছে। চিকিৎসক জানিয়েছিলেন যে তার নিম্ন রক্তচাপের সমস্যা আছে। আর তাই চিকিৎসক তাকে নুন খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসক বলেছিলেন সালাদের ওপর নুন ছিটিয়ে খেতে। কিন্তু সে কারও কথা কানে তুলত না।’

তার কথায়, ‘এটা স্বাভাবিক মৃত্যু ছিল না, একটা দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল। আমি এ ব্যাপারে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, তখন তদন্ত চলছিল। আর আমাকে নানান জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভারতীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা তদন্তে জানতে পেরেছিল, এর মধ্যে কোনো চক্রান্ত নেই। আমি নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিলাম তখন। এর মধ্যে লাই ডিটেক্টর টেস্ট, আরও অনেক কিছু ছিল। রিপোর্টে সাফ বলা হয়েছিল যে এটা দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল।’

বনি কাপুর আরও এক নতুন তথ্য প্রকাশ করেছে, ‘শ্রী-র অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার সহ-অভিনেতা নাগার্জুন এসেছিলেন। তখন নাগার্জুন বলেছিলেন যে তার সঙ্গে একটি সিনেমা করাকালে শ্রী ডায়েটে ছিল। তখন শ্রী বাথরুমে পড়ে গিয়েছিল, আর তার দাঁত ভেঙে গিয়েছিল। তার নিয়তিতে হয়তো এটাই লেখা ছিল। সে কখনো এটা গুরুত্বের সঙ্গে নেয়নি। আর কখনো সে ভাবেনি যে এর পরিণাম এতটা ভয়ংকর হতে পারে।’ বনি জানিয়েছেন, তিনি শত চেষ্টা করেও শ্রীদেবীকে এই পাগলামির হাত থেকে বাঁচাতে পারেননি। সে ভাবত নুন খেলে “ডবল চিন” হবে।

২০১৭ সালে শ্রীদেবী অভিনীত ছবি ‘মম’ মুক্তি পেয়েছিল। তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই কিংবদন্তি অভিনেত্রী। আর তার ক্যারিয়ারের ৩০০তম ছবি ছিল এটি। শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী আর খুশি দুজনই এখন বলিউডে কাজ করছেন।