মন্ত্রিপরিষদ সচিব পদে আরও এক বছর থাকছেন মাহবুব হোসেন

মন্ত্রিপরিষদ সচিব পদে আরও এক বছর থাকছেন মো. মাহবুব হোসেন। সরকার তাকে অবসর পরবর্তী এক বছরের জন্য চুক্তিতে স্বপদে নিয়োগ দিয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন (পরিচিতি নম্বর ৪০৫৩)-কে তার অবসর-উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।