চলতি বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে ৪৬৭ নারী ধর্ষণের শিকার হয়েছে। একই সময়ে ২১৬ সাংবাদিক বিভিন্নভাবে হয়রানি, নির্যাতন, মামলা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির শিকার হয়েছেন। একজন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ১০টি গণমাধ্যম এবং নিজস্ব সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, গত ৯ মাসে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩২ নারীকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছে তিন নারী। এ ছাড়া পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে ৩৯১ নারী। এর মধ্যে ২৩৫ নারীকে হত্যা করা হয়েছে। আসকের হিসাবে গত ৯ মাসে ১ হাজার ১৫৭ শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও হত্যার শিকার হয়েছে। এর মধ্যে হত্যার শিকার হয়েছে ৩১৭ শিশু। এ ছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৪৩ ছেলে শিশু, দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আসক বলছে, গত ৯ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটজন নিহত হয়েছেন। একই সময়ে কারা হেফাজতে ৭৭ জন মারা গেছেন। এর মধ্যে কয়েদি ৩৫ ও হাজতি ৪২ জন। গত ৯ মাসে দেশের বিভিন্ন এলাকায় গণপিটুনিতে ৩৮ জন নিহতের তথ্য জানিয়েছে আসক।
আসকের চেয়ারপারসন অ্যাডভোকেট জেড আই খান পান্না এক বিবৃতিতে বলেন, একটি ন্যায় ও মানবাধিকারভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া গণমাধ্যম যাতে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে এবং মানবাধিকার সংগঠনগুলো যাতে এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।