ক্যাপ্টেনস ডে-তে সাকিব

সমর্থকরা গতবারের চেয়ে ভালো কিছু আশা করছেন

বিশ্বকাপ শুরুর আগে ক্যাপ্টেনস ডে অনুষ্ঠিত হয়েছে আহমেদাবাদে। সেখানে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মনে করেন দেশের ক্রিকেট সমর্থকদের প্রত্যাশা এবার গতবারের চেয়ে ভালো করা।

বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সাকিবকে প্রশ্ন করেছিলেন ২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান। জবাবে সাকিব বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসাবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছেন।’

২০১৯ সালে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব। তবে ৯ ম্যাচের মধ্যে ৩টি জিতেছিল বাংলাদেশ—দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে। এবার তিনি খেলতে যাচ্ছেন নিজের পঞ্চম বিশ্বকাপ। এবার খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে এই কীর্তি হতে যাচ্ছে সাকিব ছাড়া শুধু মুশফিকুর রহিমের। ক্যাপ্টেনস ডে-তে সাকিবকে সেটি মনে করিয়ে দেন মরগান।

ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রি অবশ্য সাকিবকে মনে করিয়ে দিয়েছেন তার ব্যক্তিগত আরেকটি কীর্তির কথা। শাস্ত্রির মতে, প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। এবারও বিশ্বকাপ শুরু করার আগে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর অলরাউন্ডার সাকিব।

সেটি বাড়তি কোনো চাপের কারণ কি না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সত্যি বলতে কি, না। সব সময় এটি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে আরও ভালো করতে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। দলই সবার আগে। ক্যারিয়ারজুড়েই (এমন হয়েছে)। এখন এভাবেই এগোতে চাই।’