বুসান চলচ্চিত্র উৎসবে তিন ঢাকাই সিনেমা

এশিয়ার গুরুত্বপূর্ণ আয়োজনের একটি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আজ বুধবার থেকে শুরু হয়েছে উৎসবটির ২৮তম আসর। উৎসবে বাংলাদেশ থেকে তিনটি সিনেমা অংশ নিচ্ছে। নিউ কারেন্টস বিভাগে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ ও বিপ্লব সরকারের সিনেমা ‘আগন্তুক’। এ ছাড়া জিসোক বিভাগে অংশ নেবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’।

১৯৯৬ সালে যাত্রা শুরুর সময় থেকে নিউ কারেন্টস বিভাগ উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে স্বীকৃত। সারা বিশ্বের চলচ্চিত্র বোদ্ধা ও সাংবাদিকদের বিশেষ দৃষ্টি থাকে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবের প্রতিযোগিতামূলক শাখার দিকেই। এর বড় কারণ হলো, এই বিভাগে শুধু নতুন ও তরুণ নির্মাতাদের সিনেমা জায়গা পায়। তাদের উৎসাহিত করতে ৩০ হাজার ডলারের দুটি পুরস্কার (গ্র্যান্ড প্রাইজ) ‘নিউ কারেন্টস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এ ছাড়া আরও বেশ কিছু কারণে বুসান এশিয়ার তরুণ নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ উৎসব হয়ে উঠছে।

এ বছরও দুটি যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া নিউ কারেন্ট বিভাগের ১০টির মধ্যে এশিয়ার সিনেমা ৮টি। এশিয়ার সিনেমাকে গুরুত্ব দিতেই এর সিনেমার প্রাধান্য রয়েছে। নামও এশিয়া ঘিরেই। যেমন আ উইন্ডো অন এশিয়ান সিনেমা, কোরিয়ান সিনেমা টুডে।

পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী প্রথম সিনেমা দিয়েই জায়গা করে নিয়েছেন উৎসবের নিউ কারেন্টস বিভাগে। তিনবারের চ্যাম্পিয়ন বলী খেলোয়াড়কে চ্যালেঞ্জ করেছে এক বয়স্ক লোক- এটাই ‘বলী’ সিনেমার গল্প। কিন্তু ‘বলী’ শক্তি আর কৌশলের খেলার চেয়ে ভিন্ন কথা বলবে। সেটা প্রিমিয়ারেই দেখা যাবে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সিনেমাটির প্রযোজক পিপলু আর খান। জানা যায়, ৭, ৮ ও ৯ অক্টোবর প্রিমিয়ার হবে ‘বলী’ সিনেমার।

খুব বেশি বাজেটের সিনেমা নয় ‘আগন্তুক’। কাছের কিছু মানুষদের পেছনে নিয়েই গল্পের ওপর ভরসা করে শুরু হয় তরুণ নির্মাতা বিপ্লবের যাত্রা। গল্পে তিনি তুলে ধরেছেন মনস্তাত্ত্বিক লড়াই। মা ও অসুস্থ দাদিকে নিয়ে ১০ বছরের কাজলের সংসার। দীর্ঘদিন পরপর কাজলের বাবা বাড়ি আসে। এ নিয়ে সবার মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়। ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান প্রমুখ। ৭, ৮ ও ১১ তারিখে প্রিমিয়ার হবে ‘আগন্তুক’-এর।

তরুণদের অগ্রাধিকার দিলেও এশিয়ার গুণী চলচ্চিত্র নির্মাতাদের জন্য জিসোক নামে একটি আলাদা বিভাগ চালু করে বুসান। এ শাখায় চরকি প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ সিনেমা অংশ নিচ্ছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারকা দম্পতি ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের জীবনের নানা গল্পই এতে উঠে এসেছে। সিনেমাটির প্রিমিয়ার হবে ৮, ৯ ও ১১ অক্টোবর।

এই শাখায় বিজয়ী সিনেমাকে পুরস্কারের সঙ্গে দেওয়া হবে ১০ হাজার ডলার নগদ অর্থ।
বাংলাদেশের তিন সিনেমার পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের উৎসবে অংশ নেওয়ার কথা রয়েছে। উৎসবে নিউ কারেন্টস বিভাগে ১০টি সিনেমার মধ্যে জাপান ও বাংলাদেশ থেকে দুটি করে সিনেমা অংশ নিচ্ছে।

ভ্যারাইটিসহ একাধিক গণমাধ্যমের সিনেমা বিশ্লেষকরা মনে করেন, এশিয়াসহ বিশ্ব চলচ্চিত্রে ক্রমেই দাপট দেখাবেন বাংলাদেশের তরুণ নির্মাতারা। ‘রেহানা’ দিয়ে তারা অন্য রকম যাত্রা শুরু করেন। এর আগেও ‘শনিবার বিকেল’ সিনেমা দিয়ে জিসোক শাখায় মনোনয়ন পেয়ে পুরস্কার পাননি ফারুকী। আর নিউ কারেন্টস বিভাগে বাংলাদেশের আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ সিনেমাটি জায়গা পেয়েছিল।

বুসান উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। সব মিলিয়ে ৬৯টি দেশের ২০৯টি সিনেমা দেখানো হবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।