ভারতের অনলাইন সংবাদমাধ্যম নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং মানবসম্পদ বিভাগের প্রধান অমিত চক্রবর্তীকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের একদিন পর আজ বুধবার সকালে এই নির্দেশ দিলো দিল্লির একটি নিম্ন আদালত। খবর এনডিটিভির।
এর আগে মঙ্গলবার সন্ত্রাসবিরোধী ও বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে প্রবীর পুরকায়স্থ এবং অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতবিরোধী কার্যকলাপ ও প্রতিবেদন প্রকাশ করতে সংবাদমাধ্যমটিতে বিনিয়োগ করেছে চীন। এর জের ধরে নিউজ ক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, মোট ৩৭ জন পুরুষ ও নয়জন নারী সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অভিযানে সাংবাদিকদের ডিজিটাল ডিভাইস, নথিপত্র ইত্যাদি জব্দ করা হয়।
এদিকে সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালানোয় সমালোচনার ঝড় ওঠে ভারতে। বিরোধীরা নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সংবাদপত্রের স্বাধীনতার ওপর কড়াকড়ি আরোপের অভিযোগ করেছেন। যদিও তল্লাশি অভিযানের কয়েক ঘণ্টা পর এডিটরস গিল্ড অব ইন্ডিয়া সরকারের কাছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং কঠোর ফৌজদারি আইনগুলোর মাধ্যমে ভীতি প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে।