একের পর এক টুইটারের ফিচার আসছেই। একটা সময় ছিল যখন টুইটার ব্যবহারকারীরা নির্দিষ্ট নিয়মের মধ্যে যাচাইয়ের পর ব্লু টিক পেতেন। কিন্তু এখন অর্থের বিনিময়ে যে কেউ ব্লু টিক পাচ্ছেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে টুইটারের নাম পরিবর্তন করে হয়েছে এক্স। এমনকি ঝাঁ চকচকে লোগো অনেকের মন কেড়েছে। জানা যাচ্ছে, ইলন মাস্ক শুধু এই পরিবর্তন করেই ক্ষান্ত থাকতে চান না। ভারতে গুগল পে, ফোনপের মতো জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফরমগুলোকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে কোমর বাঁধছে এক্স। শিগগিরই পেমেন্ট সুবিধা চালু করা হতে পারে এক্স প্ল্যাটফরমে।
অর্থাৎ এক্স অ্যাপের মাধ্যমেই আর্থিক লেনদেনের সুযোগ পাবেন ইউজাররা। এক্স সিইও লিন্ডা ইয়াকারিনো এক পোস্ট সেসব দিকেই ইঙ্গিত করছেন। নতুন কিছু সেবার মধ্যে অন্তর্ভুক্ত হতে চলেছে পেমেন্ট সুবিধা। এক্স সিইও নিশ্চিত করেছেন শিগগিরই পেমেন্ট পরিষেবা চালু হবে এক্সে। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক সংস্থা পরিবর্তন এনেছে তাদের ফিচারে।
একটা সময় হোয়াটসঅ্যাপ শুধু ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জিংয়ের জন্য ব্যবহার করা হতো। কিন্তু ভারতবর্ষে ইউপিআই পেমেন্টের জনপ্রিয়তা দেখে হোয়াটসঅ্যাপও তাদের অ্যাপে পেমেন্ট ফিচার চালু করে। Twitter একটা সময় মাইক্রো ব্লগিং প্ল্যাটফরম হিসেবে বিশ্বে পরিচিত ছিল। কিন্তু ইলন মাস্ক শুধু মাইক্রো ব্লগিংয়ের মধ্যে এক্সকে (সাবেক টুইটার) সীমাবদ্ধ করে রাখতে চান না। তাই একের পর এক নতুন ফিচারস যোগ হচ্ছে এই প্ল্যাটফরমে।