মানিকগঞ্জে জ্বালানি তেলের অবৈধ গুদামে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে একটি অবৈধ জ্বালানি তেলের গুদাম। গতকাল রাত সাড়ে ৭টার দিকে জ্বালানি তেল ব্যবসায়ী খোরশেদ আলমের গুদামে এই আগুন লাগে। খবর পেয়ে সাটুরিয়া ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টা পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় ঐ গুদামে রাখা পেট্রোল, অকটেন ও ডিজেল ভর্তি ১২০ ড্রাম, নগদ দেড় লক্ষ টাকা, গুদাম ঘর ও পার্শ্ববর্তী একটি রাইস মিল সম্পূর্ণ পুড়ে যায়।

ফুকুরহাটি ইউনিয়ন চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার সময় আহত হন জ্বালানি তেল ব্যবসায়ী খোরশেদ আলম। তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।

খোরশেদ আলমের প্রতিবেশী আব্দুর রহিম ঠান্ডু বলেন, গুদামের পাম্প মেশিন দিয়ে তেল খালাসের সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইদ্রিস আলী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বলেন, এখন পর্যন্ত আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে পারি নাই। তেলের ড্রাম গুলি রাতে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

উল্লেখ্য গুদামের মালিক খোরশেদ আলম দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই তেল মজুদ ও বিক্রি করে আসছিল বলে এলাকাবাসী জানিয়েছে।