নাটোরের বাগাতিপাড়ায় মাহাফুজ হোসেন (১৮) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
মাহাফুজ তকিনগর আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার দশম শ্রেণির শিক্ষার্থী এবং চকগোয়াস গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে দেবনগর এলাকার গির্জার পাশের একটি আমবাগানে মাহাফুজকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়দের একজন। স্থানীয় ওই ব্যক্তি দেবনগর মোড়ে গিয়ে অন্যদের বিষয়টি বললে তারা দ্রুত সেখানে যায়। মাহাফুজ বেঁচে আছে বুঝতে পেরে তার কাছ থেকে নাম ও বাবার নামটুকু জেনে নেন তারা। এরপর মাহাফুজ আর কিছু বলতে পারে না। তখন স্থানীয়রা ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহাফুজকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত বুধবার সন্ধ্যায় মাহাফুজ ইজিবাইক নিয়ে ভাড়ার জন্য বের হন। তার ইজিবাইকটি এখনও খুঁজে পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোহানুর রহমান বলেন, হাসপাতালে আসার পূর্বেই সে মারা গেছে। তবে তার কানে, মুখে এবং মাথায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।