রাজধানীর মিরপুরে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। তারা তিন মাসের অগ্রিম বেতনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জে কে ফ্যাশন নামের ওই পোশাক কারখানার শ্রমিকরা মিরপুরের শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করেন। দুপুরের দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এর অগে বুধবার একই দাবিতে সড়ক অবরোধ করেছিল তারা।
জানা গেছে, জে কে ফ্যাশনের কারখানা মিরপুর শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলেছেন, স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ কারখানা বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। কারখানা বন্ধের দিন থেকে সেটা পরিশোধ করতে হবে। তাদের এই দাবি না মানায় তারা রাস্তা অবরোধ কর্মসূচিতে নামে।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, যতদিন বেতন পরিশোধ করা না হবে ততদিন কারখানা খোলা রেখে হাজিরা দেওয়া। সেপ্টেম্বর মাসের বেতন ১০ অক্টোবর পরিশোধ করা। চাকরিতে যোগদানের দিন থেকে প্রত্যেক শ্রমিক-কর্মচারীকে প্রতি বছরের জন্য ৩০ দিনের বেতন দেওয়া। ২০২২ সালের কয়েকজন শ্রমিকের ছুটির বকেয়া টাকা পরিশোধ করা।
এ বিষয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মাদ কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, শ্রমিকদের নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করছি। আশা করি বিষয়টি দ্রুতই সমাধান হয়ে যাবে।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে আগারগাঁও থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এলাকায় এলাকায় যানজট ছড়িয়ে পড়ে, এতে ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। এ ছাড়াও অফিসগামী লোকজনকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। তাদের অনেকেই হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।