রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগ থেকে ১৮ দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এক নারী বাচ্চাটি ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।
চুরি যাওয়া নবজাতকের খালা বৃষ্টি আক্তার বলেন, ‘১৮ দিন আগে আমার বোনের সিজারের মাধ্যমে ছেলেসন্তান জন্ম হয়। আমরা তার নাম রাখছিলাম রিফাত। আমার দুলাভাইয়ের নাম কাওসার। তিনি পেশায় রিকশাচালক। তারা পরিবার নিয়ে সবুজবাগ থানার উত্তরাপাড়া ছাপড়া মসজিদ এলাকায় থাকেন।’
তিনি আরও বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে আমার বোনের জন্য ভালো চিকিৎসা পাচ্ছিলাম না। আমার বোনের কাটা স্থান শুকায়নি। খালি ড্রেসিং করছিল। আজ (গতকাল) ভোরে আমার বোনের সঙ্গে আমার মা ছিলেন। ভোরে আমার মা বাথরুমে যান। যাওয়ার আগে বাচ্চাকে দুধ খেতে দেখে যান। এসে দেখেন কোলে বাচ্চা নেই।’
মুগদা থানার ওসি আব্দুল মজিদ জানান, গাইনি ওয়ার্ডের যেখান থেকে শিশুটি চুরি হয়েছে ওই তলার কোথাও সিসিটিভি ক্যামেরা নেই। তবে অন্য স্থানের ফুটেজে দেখা গেছে, এক নারী ও এক কিশোর নবজাতককে নিয়ে যায়।