ফরিদপুরে কৃষিমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ও জামায়াতে ইসলামী মিলে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। সরকারের ওপর কোনো চাপ নেই।’ গতকাল বৃহস্পতিবার ফরিদপুরে ‘শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তকরণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অ্যাসিড টেস্ট, তাই এখন থেকেই সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর ও যশোর অঞ্চলের যৌথ উদ্যোগে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রাজীব সিদ্দিকী, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ প্রমুখ।