অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘শিক্ষার্থীরা হচ্ছে দেশের সবচেয়ে সচেতন ও সজাগ অংশ। তারা যেন সব সময় চোখ-কান খোলা রাখে। যেন দুর্গাপূজা উপলক্ষে কোনো অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে না পারে। সে জন্য তরুণদের পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে।’

গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ শেষে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে আনসার সদস্যদের মধ্যে ১৬টি বাই সাইকেল ও একটি সেলাই মেশিন তুলে দেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতাবিরোধী। তারা যেন কোনোভাবেই দূর্গাপূজা ও নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সংকট, সহিংসতা এবং দেশকে যাতে অস্থিতিশীল করতে না পারে, যে জন্য আমাদের সবাইকে সজাগ থাকবে হবে।’

মন্ত্রী বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ যারা চায় না তারা সব সময় বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসবের সময় বিভিন্ন সমস্যার সংকট তৈরি ও হামলা করে অত্যাচার নির্যাতন চালাবার চেষ্টা করে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল উপস্থিত ছিলেন।