১১টি সোনার বারসহ ‘শুভেচ্ছার’ কর্মী আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় ১১ পিস সোনার বারসহ এক কর্মীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম মো. রাজু। তিনি মিট অ্যান্ড গ্রিট সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান শুভেচ্ছার সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গতকাল শুক্রবার জানিয়েছেন, জব্দ করা ১১টি সোনার বারের ওজন ১ কেজি ২৭৬ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২২ লাখ টাকা। রাজু পাওয়ার ব্যাংকে লুকিয়ে সোনার বার পাচার করছিলেন।

তিনি আরও বলেন, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব সোনার বার নিয়েছেন রাজু। মোবাইলে সোনা পাচারকারী চক্রের সদস্যরা প্রথমে রাজুর সঙ্গে যোগাযোগ করে এবং কাজ শেষে তাকে পাওনা বুঝিয়ে খুশি করে দেওয়া হবে বলে কথা দেয় তারা। কিন্তু আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই।

মোহাম্মদ জিয়াউল হক জানান, রাজুর অযাচিত মুভমেন্টে সন্দেহ হয় এপিবিএনের গোয়েন্দা দলের। তারা পর্যবেক্ষণ করেন যে, রাজু ১ নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করেছে। তারা সন্দেহ করেন ওই সময়ের মধ্যে যাত্রীদের সঙ্গে রাজু কোনো কিছু বিনিময় করে থাকতে পারেন। পরে অ্যারাইভাল কনকোর্স হলের প্রক্ষালন কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এরপর কালো রংয়ের পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ১০টি এবং রাজুর পকেট থেকে একটি সোনার বার পাওয়া যায়।