শিক্ষিত তরুণরা বেশি বেকার: দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগ বাংলাদেশের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ, যারা এখন প্রতিকূল পরিস্থিতিতে রয়েছে। বর্তমান সময়ে অশিক্ষিতদের চেয়ে শিক্ষিত তরুণরা বেশি বেকার।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ‘বে অব বেঙ্গল কনভারসেশন’–এর ৩ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কোনও রাজনৈতিক দলের পক্ষে কথা বললে তারা সুশীল সমাজের প্রতিনিধিত্ব করতে পারে না। তারা বরং সেই রাজনৈতিক দলেরই সম্প্রসারণ।

সুশীল সমাজ এখন হুমকির মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজপথে সংগ্রামরত রাজনৈতিক দলগুলো সুশীল সমাজকে তাদের বন্ধু মনে করে, কিন্তু যখন তারা ক্ষমতায় যায় তখন সুশীল সমাজ তাদের শত্রুতে পরিণত হয়।

শান্তি ও স্থিতিশীলতায় সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু উল্লেখ করসুশীল সমাজ হুমকির মুখে রয়েছে এবং এটি পুরো অঞ্চল জুড়ে পশ্চাদপসরণ করছে।

ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট শীলা তাসনিম হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার মাতেজ গ্রেগরেক, গ্রিসের সাউথ ইস্ট লিডারশিপ ডায়ালগের নির্বাহী পরিচালক কনস্টান্টিনোস ফুৎজোপোলোস এবং ইউক্রেনের আলটাম ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিসের পার্টনার ভ্লাদা গালান।

আয়োজকদের তথ্যমতে, এটি সিজিএসের দ্বিতীয় সম্মেলন। এবারের সম্মেলনে বিশ্বের ৭৫টি দেশের গবেষক, শিক্ষক, লেখক, সাংবাদিক, ব্যবসায়ী ও রাজনৈতিকসহ বিভিন্ন পেশার ২০০ জন গুরুত্বপূর্ণ বক্তা উপস্থিত থাকবেন। তিন দিনে সম্মেলনে ৫০টি অধিবেশন অনুষ্ঠিত হবে।