আরও ফিলিস্তিনি যোদ্ধা দক্ষিণ ইসরায়েলের মাগেন শহরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।
ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
একাধিক ইসরায়েলি গণমাধ্যম অনুসারে, দক্ষিণ ইসরায়েলের মাগেন শহরে এখনও দলে দলে প্রবেশ করছে হামাস যোদ্ধারা। তাদের বিরুদ্ধে ট্যাঙ্ক ব্যবহার করছে ইসরায়েলি সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যে এই অঞ্চলে বড় বন্দুক যুদ্ধ চলছে।
অন্যদিকে বিমান হামলা ও সম্মুখ যুদ্ধে হামাসের চারশর বেশি যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ (আইডিএফ)।
গতকাল শনিবার (৭ অক্টোবর) হামলা চালাতে ইসরায়েলের বিভিন্ন শহরে অনুপ্রবেশ করে হামাসের এক হাজারেরও বেশি সেনা। ইসরায়েল থেকে হামাসের এসব যোদ্ধা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা ও বেসামরিক মানুষকে অবরুদ্ধ গাজা উপত্যকায় বন্দী করে নিয়ে আসেন।
আবার অনেকে ইসরায়েলেই অবস্থান নেন এবং বিভিন্ন সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নেন। এ সময় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সম্মুখ লড়াই হয়। ধারণা করা হচ্ছে, এ লড়াইয়েই প্রাণ হারিয়েছেন তারা।
চারশোরও বেশি যোদ্ধাকে হত্যার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করার দাবিও করেছে ইসরায়েল।
এদিকে, ইসরায়েলি বাহিনী এবং হামাস যোদ্ধাদের মধ্যে লড়াই অব্যাহত থাকায়, ফিলিস্তিনের জনগণকে এই যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানান।