ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে। এ ছাড়া ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে কয়েক ডজন ইসরায়েলি নাগরিককে অপহরণ করা হয়েছে বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে তুরস্কে অবস্থিত ইসরায়েলের দূতাবাস।
রবিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি নিউজ।
অন্যদিকে ইসরায়েলের জাতীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েলে ডিফেন্স ফোর্সের এক মুখপাত্রের বরাতে বলা হয়েছে যে, দক্ষিণ ইসরায়েল ও গাজা উপত্যকায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজনকে বন্দী করা হয়েছে।
যদিও ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১৩ জন নিহত হয়েছে।
অন্যদিকে, স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি অংশে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা দক্ষিণের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছে, তবে বেইরি এবং সেডেরটসহ গাজা সীমান্তের কাছাকাছি অঞ্চলে লড়াই অব্যাহত রয়েছে।
ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে দেশটি "এখনও যুদ্ধে আছে" এবং এখনও হামাসের কাছ থেকে ইসরায়েলি ভূখণ্ড এবং সম্প্রদায়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"
এদিকে যুক্তরাজ্যে ইসরায়েলি দূতাবাস নিশ্চিত করেছে যে জ্যাক মারলো নামক এক ব্রিটিশ নাগরিক, নিখোঁজ রয়েছে। তিনি গাজা সীমান্তের কাছে একটি বহিরঙ্গন নৃত্য উতসবে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করছিলেন।