দুমকিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আটক কৃষকদল নেতা

পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আটজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ঘটনার পর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ।

রবিবার বেলা ১১টার দিকে সরকারি জনতা কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ফটকে স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীরাও পাল্টা স্লোগান দিয়ে কলেজ ফটকে ঢোকার চেষ্টা করে। তখন দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের এ খবর পেয়ে দুই সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে ছাত্রলীগের আবু নাইম, আবু সুফিয়ান ও ছাত্রদলের গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেনসহ অন্তত আটজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে এই সংঘর্ষের পেছনে জড়িত থাকার অভিযোগে উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেনকে আটক করেছে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।