পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেছেন, 'দেশ ভালো চলছে এ বর্ণনায় যদি আমি থাকি তাহলে অর্থনীতি চলা মুশকিল। আমাদের একজন অ্যাবসেন্ট অর্থমন্ত্রী আছেন, তিনি বললেন, ‘সব ঠিক আছে, সব ভালো চলছে'।
রবিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনীতিবিদ ড. ড. ফ্রানজিসকা লিয়েসলটে অনসর্জ. ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার।
আহসান এইচ মনসুর বলেন, আমরা অর্থনীতির টানাপোড়েনের মধ্য দিয়েই যাচ্ছি, এতে কোনো সন্দেহ নেই। সরকার সঠিক নীতি নির্ধারণের জন্য প্রায় দেড় বছর সময় পেয়েছিল, কিন্তু তারা নেয়নি। সরকার সাধারণ কথার মধ্যেই ছিল- আমরা ভালো করছি, ভালো করব ইত্যাদি। বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে না চলার কারণেই আজকে এ পরিস্থিতি তৈরী হয়েছে।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক নেতৃত্বে বড় সংকট রয়েছে। বিশেষ করে অর্থনীতিতে নেতৃত্বের সংকট বেশি। এ সংকটময় মুহূর্তে একজন অর্থনীতিতে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বে দরকার ছিল। সেটি আমরা দেখতে পাচ্ছি না।
নির্বাচনকে সামনে রেখে কঠিন সময় আসছে স্মরণ করিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এটি কোনো সাধারণ নির্বাচন নয়। আমরা এমন কোনো শিল্প রাষ্ট্র নই যে সব তাদের মতো স্বাভাবিকভাবে হয়ে যাবে। এখন রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা বাড়বে।
অনুষ্ঠানে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, করোনার আগের দশকটা যদি ধরি, সে সময় আমাদের ধারাবাহিক প্রবৃদ্ধি ছিল। কিন্তু সে সুসময়ে আমাদের অর্থনীতির ব্যবস্থাপনার বিষয়টি সামনে আসেনি। গত দুই বছরে আমাদের সব খাতের দুর্বলতা সামনে চলে এসেছে।
তিনি বলেন, প্রবাসীরা ইনফরমাল চ্যানেল ব্যবহার করে রেমিট্যান্স পাঠাচ্ছে। এভাবে হুন্ডিতে অর্থ পাঠালে অর্থ পাচারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি রাস্তা তৈরী হচ্ছে। আইএমএফের শর্তে গিয়েছে সরকার। অথচ এগুলোর কথা গত ১০ বছর ধরেই আলোচিত হচ্ছে।
অসাধু চক্রের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, দেশে একটি অসাধু চক্র আছে যারা সরকারের সঠিক সিদ্ধান্তে নানাভাবে বাধা দিয়ে আসছে। এ রকম অসাধু গ্রুপগুলোর বাইরে গিয়ে সংস্কার আনা জরুরি। আমাদের মনে রাখতে হবে শ্রীলঙ্কা এক সময় উচ্চ মধ্যম আয়ের দেশ ছিল, কিন্তু তাদের প্রতিনিয়ত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে তারা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
তিনিও আহসান এইচ মনসুরের সঙ্গে একমত পোষণ করে বলেন, অর্থনীতিতে এখনই একটা ব্রেক কষতে হবে যাতে এর চেয়ে খারাপ অবস্থায় আর না যায়।