উপনির্বাচনে

ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ২৭৬ লক্ষ্মীপুর-৩ নির্বাচনী এলাকায় শূন্য আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর লক্ষ্মীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম ফারুক।

আজ রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীতদের নাম সাংবাদিকদের জানান।

সভায় সংসদীয় বোর্ডের অন্য সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ ও ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভোরে একাদশ সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হয় লক্ষ্মীপুর-৩ (সদর) আসন। একই দিন আরেক আলোচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হয় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন।