বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই ‘রেজিমকে’ (ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসন) বিতাড়িত করতে হলে রাস্তায় থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সংগ্রামের বিকল্প নেই। এটা কিন্তু কোনো দলের সংগ্রাম নয়। এটা বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির সংগ্রাম। একবার মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
গতকাল রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটা রাজনৈতিক দলের (এনডিএম) থিংক ট্যাংক গভর্ন্যান্স অ্যান্ড পলিসি রিসার্চ-জিপিআর আয়োজিত ‘গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন : নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।