শর্তের বেড়াজালে মাতৃত্ব

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা’ পদে চাকরির শর্তে বলা হয়েছে, চাকরিতে চূড়ান্তভাবে উত্তীর্ণদের প্রশিক্ষণ চলাকালে গর্ভাবস্থা কিংবা তিন বছরের কম সন্তান থাকা যাবে না। অথচ গত তিন বছরেও নিয়োগ চূড়ান্ত করতে পারেনি পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ফলে চাকরির অপেক্ষায় থেকে মাতৃত্ব হারানোর শঙ্কায় রয়েছেন পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিইভি) নিয়োগপ্রত্যাশীরা।

গতকাল রবিবার রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের সামনে এক মানববন্ধনে এমন উদ্বেগ প্রকাশ করেন নিয়োগপ্রত্যাশীরা। তারা দ্রুত এই পদে মৌখিক পরীক্ষার ফল ঘোষণার দাবি জানান। সারা দেশ থেকে শতাধিক চাকরিপ্রার্থী মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন চাকরিপ্রত্যাশীরা।

নিয়োগপ্রত্যাশীরা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘পরিবারকল্যাণ পরিদর্শিকা’ নিয়োগে ২০২০ সালের ২০ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ১৮ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা হয়। এতে ৭ হাজার ৬২১ জন উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষা শেষ হয় গত ১৮ জুন। তিন মাস পার হয়ে গেলেও এখনো ফল প্রকাশ করেনি অধিদপ্তর।

চাকরিপ্রত্যাশীরা জানান, চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রতা এবং নিয়োগপ্রত্যাশীরা শুধু নারী হওয়ায় অধিকাংশ নারীর সংসারে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। পরিবার পরিকল্পনায় বিঘœ ঘটা, মা-বাবা হওয়া থেকে বিরত

থাকতে হচ্ছে অনেককে। এসব দুশ্চিন্তায় অনেকে স্বাভাবিক প্রাত্যহিক জীবনযাপন করতে পারছেন না। নারীদের বয়স বেড়ে যাচ্ছে, ফলে আরও নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া এক চাকরিপ্রত্যাশী বলেন, ‘আমার বয়স এখন ২৯ বছর। এখনো সন্তান নেওয়া হয়নি। ইচ্ছে থাকলেও পারছি না। কারণ, তিন বছরের বেশি সময় ধরে এই নিয়োগ আটকে রাখা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে এক অদ্ভুত শর্ত দেওয়া হয়েছে। এখন চাকরির আশায় পরিবার টেকানো দায় হয়ে দাঁড়িয়েছে। মা হতে পারব কি না, তা নিয়েও দুশ্চিন্তায় আছি। তাই চাকরি হোক না হোক, অতিদ্রুত ফল ঘোষণার দাবি জানাচ্ছি। এতে করে অন্তত এই যন্ত্রণা থেকে মুক্তি পাব।’

ফল প্রকাশে কেন দেরি হচ্ছেÑ জানতে চাইলে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সচিব আগের কমিটি বিলুপ্ত করে মৌখিক পরীক্ষার জন্য নতুন কমিটি গঠন করেন। নতুন নিয়োগ কমিটির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ করে ফল প্রস্তুত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফাইল মন্ত্রণালয়েই পড়ে আছে। কেন চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না, সেটি জানা নেই।

মানববন্ধনে জানানো হয়, পরিবারকল্যাণ পরিদর্শিকার ১ হাজার ৮০টি পদের নিয়োগপ্রক্রিয়া সাড়ে ৩ বছরের বেশি সময় ধরে আটকে আছে। লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হলেও চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে না। পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদটি শুধু নারীদের জন্য। যারা চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছেন, যাদের অধিকাংশই বিবাহিত। এই পদের চাকরিতে নিয়োগ পাওয়ার অন্যতম শর্ত হলো, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে জেলা সিভিল সার্জন কর্র্তৃক শারীরিক সুস্থতা ও অন্তঃসত্ত্বা নয় মর্মে সনদ জমা দিতে হবে। অন্তঃসত্ত্বা হলে প্রার্থীর নিয়োগ বাতিল হবে।