শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বেড়ে ১২০ দিন

শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৮ দিন বাড়ছে। আগে নারী শ্রমিকরা মাতৃত্বকালীন ছুটি ১১২ দিন পেলেও নতুন আইন কার্যকর হলে ছুটি পাবেন ১২০ দিন।

সোমবার (৯ অক্টোবর) ‌‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নারী শ্রমিকরা তার সুবিধামতো এ ছুটি নিতে পারবেন।