হামাস-ইসরায়েল সংঘাত

ওআইসির বৈঠক ডাকার আহ্বান ইরান-ইরাকের

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে ইরান এবং ইরাক।

গতকাল রোববার এক টেলিফোন সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন এ আহ্বান জানান।

এর আগে দুই মন্ত্রী ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘর্ষের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তারা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জরুরি বলে মত ব্যক্ত করেন। তারা বলেন, নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থন জানাতে মুসলিম বিশ্বের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য।

এছাড়াও ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেভাবে হত্যা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে লড়াই করা ফিলিস্তিনিদের বৈধ অধিকার বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।