ময়মনসিংহে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর কেওয়াটখালি বাইপাস রেলক্রসিংয়ে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনায় আহত দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর নিশ্চিত করে ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেনডেন্ট মো. নাজমুল হক খান বলেন, রাত সাড়ে সাতটার দিকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি নগরীর কেওয়াটখালি বাইপাস রেলক্রসিং পৌঁছলে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে দুইজন।

রেলক্রসিং-এ গেইটম্যান ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নাজমুল হক খান।