এশিয়ার অত্যন্ত মর্যাদাপূর্ণ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে অনুষ্ঠিত হয়ে গেল ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ বা ‘অটোবায়োগ্রাফি’ ওয়ার্ল্ড প্রিমিয়ার। সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমাটিতে ফারুকী-তিশা একসঙ্গে অভিনয় করার পাশাপাশি করেছেন চিত্রনাট্য লেখার কাজও।
বাংলাদেশ সময় গত রবিবার বিকেল সাড়ে ৫টায় বুসান সিনেমা সেন্টারের সিনেমাথেক-এ ‘অটোবায়োগ্রাফি’র প্রথম শো প্রদর্শিত হয়। এরপর গতকাল সোমবার প্রদর্শিত হয় এর দ্বিতীয় শো। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সিনেমা নির্মাতা, প্রযোজক, অভিনয়শিল্পী, কলাকুশলীসহ অনেকেই উপস্থিত ছিলেন প্রদর্শনীতে। আগামীকাল লোটেতে প্রদর্শিত হবে এর তৃতীয় শো।
সিনেমা দেখা শেষে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও প্রযোজক রেদওয়ান রনি দর্শক ও উপস্থাপকের নানান প্রশ্নের উত্তর দেন। হলভর্তি দর্শকের সঙ্গে ইলহাম ও নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে ‘অটোবায়োগ্রাফি’ দেখার অনুভূতি মোস্তফা সরয়ার ফারুকীর জন্য একদম ভিন্ন ছিল। তিনি বলেন, ‘দ্য শো ওয়াজ গ্রেট। শোতে অডিয়েন্সের রিয়েকশন অনেক এংগেজিং ছিল। প্রশ্ন-উত্তর পর্ব, সবার নানান মন্তব্য, প্রশংসা আমাদের অনেক উৎসাহিত করেছে।’
‘অটোবায়োগ্রাফি’ বুসান চলচ্চিত্র উৎসবের ‘কিম জিসোক’ প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে ‘অটোবায়োগ্রাফি’ এশিয়ার প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে ছিলেন ফিলিপিনো মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলঙ্কার পাওয়ার হাউজ প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ অনেকে। ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।