কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম প্রয়াণ দিবস আজ। ১৯৯৪ সালের এই দিনে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। বরেণ্য এই শিল্পীকে তার বাসভবন নড়াইলের সুলতান কমপ্লেক্স চত্বরে শায়িত করা হয়।
শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, শিল্পকলা একাডেমি ও সুলতান কমপ্লেক্স দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে শিল্পীর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, সুলতানকে উদ্দেশ্য করে শিশুস্বর্গের শিশুদের চিঠি লেখা ও কবিতা লেখা ইত্যাদি।
শিল্পী সুলতানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নড়াইলের সাংস্কৃতিক সংগঠন এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন পৃথকভাবে ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
এদিকে গ্রামবাংলার ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতিকে সংরক্ষণ ও প্রসারের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীতে আগামী শনিবার দুপুরে নারী ও পুরুষের এস এম সুলতান নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।