‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ মন্তব্য করেন।

শুরুতে আদিলুর-এলানের পক্ষে জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে যান। তিনি বলেন, আমাদেরও বক্তব্য আছে। তখন হাইকোর্ট বলেন, আসামিপক্ষের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি উঠে দাঁড়ালেন কেন?

এরপর আসামিদের আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, তথ্য-প্রযুক্তি আইনের মামলায় আসামিদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আবারো জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। তখন আদালত উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, তাহলে তাদের ২ বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দিলেন না কেন? এক পর্যায়ে আদালত বলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।

এরপর আদালত মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ স্থগিত করেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী মো. রুহুল আমিন ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, আদেশের নথি বিচারিক আদালত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যাবে। এরপর তাদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, জামিন আদেশের বিরুদ্ধে আপিল করা হবে কি-না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।