চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী অরুণা বিশ্বাস। ছোটপর্দায় অনেক নাটক নির্মাণ করে পরিচালক হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তবে এবারই প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত ‘অসম্ভব’ নামের এই সিনেমার কথা অনেকেই হয়তো জেনে গেছেন এরই মধ্যে। ছবিটি খুব শিগগির বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। মজার বিষয় হলো, এই ছবির মাধ্যমে শুধু চিত্রপরিচালক হিসেবে নয়, প্লেব্যাক গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। শাড়ি নিয়ে গাওয়া খুবই মিষ্টি এ গানটি লিখেছেন প্রয়াত কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ছবিতে নিজের ঠোঁটেই গানটি থাকবে বলে জানিয়েছেন অরুণা বিশ্বাস। এত বছর পর প্লেব্যাক করার ব্যাপারে তিনি বলেন, ‘আসলে গানটি আমি গাইব, এমন কোনো কথা কিন্তু ছিল না। তবে আমার অনেক দিনের স্বপ্ন ছিল গাজী ভাইকে দিয়ে আমার ছবিতে গান লেখাব। তো ওনাকে সিচুয়েশন বলার পর প্রথম কয়েকটা লাইন লিখলেন। আমি মজা করে বললাম, ধুর, গাজী ভাই কিচ্ছু পারে না! এর মধ্যেই তিনি লাইনগুলো লিখে ফেললেন। খুব ভালো লাগল। অন্য একজন গায়িকার করার কথা ছিল। কিন্তু তার আগে আমাকে ডামি ভয়েস দিতে বলল সংগীত পরিচালক। পরে বলল, “দিদি, আপনার ভয়েসটাই ঠিক আছে দৃশ্যটির জন্য।” গাজী ভাইও সুরটি শোনার পর বলেছেন, “দেখিস গানটি জনপ্রিয় হবে।” শিগগিরই ছবির ট্রেলার ও গানগুলো একে একে অনলাইনে প্রকাশ করব। আমিও আশা করি, দর্শক গানটি পছন্দ করবেন।’
ছবিটিতে আরও অভিনয় করেছেন সোহানা সাবা, আবুল হায়াৎ, স্বাগতা, অরুণা বিশ্বাস প্রমুখ।