শিক্ষককে চড় মারা সেই ছাত্র শিশু উন্নয়ন কেন্দ্রে

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভি জে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা চলাকালে শিক্ষককে চড়-থাপ্পড় মারার ঘটনায় ওই ছাত্রকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন এ আদেশ দেন। এর আগে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে ওই ছাত্র।

এদিকে ওই ছাত্রের শাস্তির দাবি জানিয়ে গতকাল ও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এ সময় কিছুক্ষণের জন্য শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে চুয়াডাঙ্গা-জীবননগর রোডে অবস্থান নিলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তারা বলেন, শিক্ষেকদের সামাজিক মর্যাদা ধীরে ধীরে কমে যাচ্ছে। তারা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষার্থী পরীক্ষার নিয়মকানুন যথাযথভাবে মানছিল না। যে কারণে ভুক্তভোগী শিক্ষক তার খাতাটি নিয়ে নেন এবং বসতে বলেন। কিন্তু ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে চড়-থাপ্পড় মারে। ভুক্তভোগী ওই শিক্ষক লিখিতভাবে বিচারের আবেদন করেছেন। তার আবেদন এবং সিসিটিভি ভিডিও ফুটেজ সহকারে বিদ্যালয়ের সভাপতির পরামর্শে আমরা একটি লিখিত অভিযোগ দিয়েছি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধাপ্রদান, আক্রমণ, অপরাধমূলক বল প্রয়োগ এবং আঘাতসহ ভয়ভীতি প্রদানের অপরাধে ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।