অনন্য রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আফগানদের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন তিনি। এতোদিন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের সাথে এ রেকর্ডের অংশী ছিলেন তিনি। এই এক ইনিংসে রেকর্ডের মেলা বসিয়েছেন তিনি।
বিশ্বকাপের মঞ্চে ১৭ ইনিংসে ৯৭৮ রান নিয়ে এবারের আসর শুরু করেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ২২টি রান করলেই বনে যেতেন বিশ্বকাপে দ্রুততম হাজার রানের মালিক। ওই ম্যাচে তার ব্যাট হাসেনি। আগে ব্যাট করা অজি তারকা ডেভিড ওয়ার্নার নিজের নামে করে নেন রেকর্ড।
তবে পরের ম্যাচেই ওয়ার্নারের রেকর্ডে ভাগ বসালেন হিটম্যান। ওয়ার্নারের মতোই ১৯ ইনিংসে বিশ্বকাপে হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আর এই রেকর্ড গড়েছেন ক্যারিয়ারের ট্রেডমার্ক ছক্কা হাঁকিয়েই্।
এই দুজনের আগে রেকর্ডটি ছিল দুই কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও এবি ডি ভিলিয়ার্সের দখলে। তারা দুজনেই ২০ ইনিংসে হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন রোহিত। ইনিংসের ৮ম ওভার চলাকালীন চার মেরে মাত্র ৩০ বলে নিজের ৫৩তম ফিফটি তুলে নেন তিনি। তার পরের বলেই দূর্দান্ত পুল শটে ছক্কা হাঁকান।
আর এই ছক্কাতেই ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের ৫৫৩ ছক্কার সীমা পেরিয়ে যান রোহিত। বিশ্বকাপ শুরুর আগে ৫৫১ ছক্কা নিয়ে এই রেকর্ডের পাতায় দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি।