বিজিবি'র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক বিশেষ সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, স্বর্ণের একটি চালান দর্শনা আইসিপি দিয়ে বাংলাদেশ হতে ভারতে চোরাচালান হবে। এ প্রেক্ষিতে অধিনায়ক বিজিবি'র দর্শনা আইসিপি চেকপোস্টের কমান্ডারকে চেকপোস্টে নজরদারি বৃদ্ধিসহ পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ দেন।
অধিনায়কের নির্দেশনা মোতাবেক দর্শনা আইসিপি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল জলিল ও চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যগণ চেকপোস্টে নজরদারি বৃদ্ধিসহ গমনাগমনকারী যাত্রীদের বহনকৃত লাগেজ ও অন্যান্য মালামাল গভীরভাবে তল্লাশী কার্যক্রম শুরু করে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ হতে ভারতে গমনেচ্ছুক যাত্রী শরীয়তপুরের জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দী গ্রামের গোলাম মাওলা মাতবরের ছেলে মো. সোহাগ (২৩) এর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার সাথে থাকা ল্যাগেজ ও অন্যান্য মালামাল তল্লাশি করা হয়। এতে কিছু না পাওয়া গেলেও তার কথাবার্তায় অসামঞ্জস্যপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়।
অত:পর উক্ত যাত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার দেহ এক্সরে করানো হলে তার শরীরের মলদ্বারের ভেতরে ধাতব জাতীয় বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ বর্ণিত যাত্রীকে দর্শনা বিজিবি চেকপোস্টে নিয়ে পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে দেহ তল্লাশি করে তার মলদ্বারের ভেতরে অভিনব কায়দায় লুকায়িত ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করে। এসময় ১টি মোবাইল ফোন, ৮২৪ ভারতীয় রুপি ও বাংলাদেশী নগদ ৪ হাজার ৮০০টাকাও জব্দ করা হয়।
এ ব্যাপারে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করে তাকে দর্শনা থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।