স্বাধীন ফিলিস্তিন ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না: জর্ডানের বাদশাহ

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল-হুসাইন বলেছেন, ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া মধ্যপ্রাচ্যে কোনো ধরনের শান্তি আসবে না। আজ বুধবার (১১ অক্টোবর) দেশটির সংসদে নতুন অধিবেশনের উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন তিনি।

জর্ডানের বাদশাহ বলেন, চলতি সপ্তাহের শুরুতে হামাসের হামলায় ছড়িয়ে পড়া সহিংসতায় বোঝা যায় ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল যে ভূমি দখল করেছিল সেখানে একটি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া এই অঞ্চলে স্থিতিশীলতা, নিরাপত্তা বা শান্তি আসবে না।

তিনি বলেন, এই সংকটের একমাত্র বিকল্প দ্বি-রাষ্ট্রীয় সমাধান। খবর রয়টার্সের।

জর্ডানের কর্মকর্তারা বলছেন, হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে পশ্চিমা ও আঞ্চলিক নেতাদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ।

শিগগিরই জর্ডানের রাজধানী আম্মানে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে হামাস-ইসরায়েল সংঘাত নিয়ে জর্ডানের উদ্বেগের কথা জানাবেন বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ।