শরিকদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে বলল বিএনপি

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি পালনের জন্য জোটের শরিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির হাইকমান্ড। গতকাল বুধবার রাতে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির নেতাদের সঙ্গে আলাদা বৈঠকে এ আহ্বান জানানো হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। অন্যদিকে ১২ দলীয় জোটের বৈঠকে ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তাফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে ছিলেন এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ লেবার পার্টির বৈঠকে ছিলেন মোস্তাফিজুর রহমান ইরান, এসএম ইউসুফ আলী প্রমুখ।

এদিকে খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। একই সঙ্গে বিক্ষোভ মিছিল থেকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়। গতকাল দুপুরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।