শনিবার থেকে শুরু হওয়া ফিলিস্তিনের গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের যুদ্ধ গড়িয়েছে ষষ্ঠ দিনে। চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত দুই পক্ষের ২৪০০ এর বেশি মানুষ মারা গেছে।
বৃহস্পতিবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধ ষষ্ঠ দিনে প্রবেশের পাশাপাশি নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০০ জনে, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৬০ ভাগের বেশি শিশু এবং মহিলা রয়েছে। এ ছাড়া অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি বিমান হামলা জোরদার হওয়ায় আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০০ জনেরও বেশি।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজার বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বেড়েছে। গত এক ঘন্টায় সিরিজ বিমান হামলায় অন্তত ৫১ জন নিহত এবং আরও ২৮১ জন আহত হয়েছে।
ক্রমবর্ধমান হতাহতের কারণে গাজা জুড়ে হাসপাতালগুলিতে তিল ধারণের ঠাই নেই। সক্ষমতার অতিরিক্ত মানুষ রয়েছে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। ক্ষমতার মুখোমুখি হচ্ছে।
অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, ইসরায়েলে কমপক্ষে ১২০০ জন নিহত এবং ২৮০০ জন আহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্রমাগত ইসরায়েলি বিমান হামলার ফলে জাতিসংঘের হিসেবে গাজায় এখন পর্যন্ত ৩ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিমান হামলা অব্যাহত থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে।