ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার ঘুরে ফের প্রধান ফটকে গিয়ে শেষ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ চলাকালে তাদের হাতে ইসরায়েলি আগ্রাসনবিরোধী প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচ) সাইফুল্লাহ সাদ বলেন, ফিলিস্তিনে মুসলিম ভাই ও বোনদের ওপর ইসরায়েলি বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পৃথিবীর কোনো প্রান্তে মুসলিম ভাইদের ওপর অত্যাচার নির্যাতন করা হলে আমরা চুপ করে বসে থাকব না। আমরা চাই, ফিলিস্তিনি ভাইদের ওপর সব ধরনের আগ্রাসন বন্ধ করে স্বাধীনতা দেওয়া হোক।